প্রিন্ট এর তারিখঃ Jun 24, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 21, 2026 ইং
লংগদুতে আধুনিক উপায়ে মসলা চাষ, কৃষকদের নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

মঞ্জুরুল ইসলাম লিটন লংগদু প্রতিনিধিঃ
রাঙামাটির লংগদুতে চলতি মৌসুমে মসলা জাতীয় ফসলের ব্যাপক চাষাবাদ হয়েছে। পাহাড়ি জমিতে মসলা চাষের অনুকূল আবহাওয়া থাকা এবং বাজারে এর ভালো চাহিদা ও দাম পাওয়ায় স্থানীয় চাষিদের মধ্যে নতুন করে মসলা চাষে আগ্রহ দেখা দিয়েছে।
তারই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার (২০ জুন) বিকেল ৪টায় লংগদুর তিনটিলা এলাকায় আধুনিক চাষ পদ্ধতির ওপর দিনব্যাপী কারিগরি আলোচনা, মাঠ দিবস ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা হর্টিকালচার সেন্টারের উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণে স্থানীয় শতাধিক কৃষক-কৃষাণী অংশ নেন।
আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা উদ্যানতত্ত্ববিদ আসিফ মাহমুদ।
প্রধান অতিথির বক্তব্যে আসিফ মাহমুদ বলেন, "পাহাড়ি জমিতে বর্তমানে আধুনিক ও বৈজ্ঞানিক উপায়ে ব্যাপক আকারে আদা ও বিভিন্ন মসলা জাতীয় ফসলের চাষ হচ্ছে। পাহাড়ে উৎপাদিত এসব মসলার বাজারে প্রচুর চাহিদা রয়েছে, যা চাষিদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলছে। হর্টিকালচার সেন্টারের পক্ষ থেকে কৃষকদের যেকোনো ধরনের কারিগরি ও পরামর্শমূলক সহযোগিতা দিতে আমরা সবসময় প্রস্তুত।
দিনব্যাপী এই প্রশিক্ষণে চাষিদের আধুনিক উপায়ে মসলা চাষ, রোগবালাই দমন এবং ফলন বাড়ানোর বিভিন্ন আধুনিক কৌশল সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। পরিবেশবান্ধব ও লাভজনক হওয়ায় পাহাড়ে মসলা চাষের এই ধারা আগামীতে আরও প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট